নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশন দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, পেশায় গৃহিণী হলেও আয় ও সঞ্চয়ের দিক থেকে সাবিনা ইয়াসমিন তাঁর স্বামীর চেয়ে এগিয়ে। দুলু পেশা হিসেবে আইনজীবী উল্লেখ করলেও ওই খাত থেকে কোনো আয় দেখাননি। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৭৩ লাখ টাকার কিছু বেশি, যা মূলত ব্যাংক-বীমা ও কৃষি খাত থেকে এসেছে। বিপরীতে সাবিনা ইয়াসমিনের বার্ষিক আয় দেখানো হয়েছে প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা, যার বড় অংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে।
হলফনামা অনুযায়ী দুলুর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সাবিনা ইয়াসমিনের সম্পদ প্রায় ৮ কোটি ৪৬ লাখ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের ক্ষেত্রে স্ত্রীর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। স্থাবর সম্পদের তালিকায় দুলুর নামে নাটোরে জমি ও বাড়ি এবং ঢাকায় একটি প্লট থাকলেও তাঁর স্ত্রীর নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট রয়েছে।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, দুলুর বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে মোট ৮৩টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মামলা বর্তমানে বিচারাধীন বা স্থগিত অবস্থায় আছে।
দম্পতির এই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পদ ও মামলার তথ্য প্রকাশ নির্বাচনী এলাকায় আলাদা আলোচনা তৈরি করেছে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।