রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজায়নের আওতায় আনতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের যৌথ উদ্যোগে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে বৃহস্পতিবার। আগামীকাল সকাল ১০টায় রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইশতিয়াক আজিজ উলফাত এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন ড. কে এম আই মন্টিসহ সংগঠনের সিনিয়র নেতারা। অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, নগর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ কাভারেজ প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ পানি ব্যবস্থাপনা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১৩ মে) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্র জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদীপথ, কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল। বিশেষ করে ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।” তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের বাস্তব কাজ শুরু হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন। আজ বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণ পুরনো ভবন ভেঙে ১৮টি আধুনিক বহুতল আবাসন নির্মাণ করা হবে। পরিকল্পনাটি মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলা এলাকায় বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসক বলেন, নির্মাণকালে বাসিন্দাদের বিকল্প আবাসনের ব্যবস্থা, গ্যাস–পানি সমস্যা সমাধান, শিশুদের জন্য খেলার মাঠ এবং উপাসনালয়ের সুবিধা নিশ্চিত করা হবে। নাগরিক সুবিধা বিষয়ে তিনি জানান— • বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে • গ্যাস বিল ডিএসসিসির পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে • ঈদুল আজহায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে • পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে তিনি আরও বলেন, শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ড্রেন ও খালে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব নয়। পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষায় নিয়োগবঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তা চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগাদেশ বাতিল করা হবে। সরকার জানিয়েছে, ব্যাচের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে এই নিয়োগ পূর্ববর্তী নিয়োগপ্রাপ্তদের প্রথম প্রজ্ঞাপনের তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে এ কারণে কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা দেওয়া হবে না। উল্লেখ্য, নিয়োগবঞ্চিতদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় এর আগে ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।
দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু বেড়ে যাওয়াকে কেন্দ্র করে টিকা সরবরাহ ও সরকারি ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। প্রতিদিনই নতুন মৃত্যুর তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি অভিযোগ করেন, হামের কারণে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে একটি পক্ষ ‘সাফাই’ দিচ্ছে এবং এদেরও আইনের আওতায় আনার দাবি জানান। তিনি সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচার দাবি করা আন্দোলনের প্রতি ইঙ্গিত করেন। অন্যদিকে, হামের টিকা কেন সংগ্রহ করা হয়নি—তা তদন্তে আন্তর্জাতিক মানের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলবে, তবে এ মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রাথমিক অনুমোদনের পর দীর্ঘদিনের সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় যাচ্ছে। জুলাই মাস থেকেই ধাপে ধাপে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১২ মে) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছেছে, যা আর্থিক খাতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ধাপে ধাপে গুটিয়ে আনা হবে এবং নিয়ন্ত্রক কাঠামোর আওতায় অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হেলাল উদ্দিনকে আগামী ১৮ মে'র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্নেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা 'স্ট্যান্ড রিলিজ' বলে গণ্য করা হবে।
জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা আরও দুই মামলায় জামিন পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মুক্তিতে থাকা শেষ আইনগত বাধাও দূর হয়েছে। মঙ্গলবার (১২ মে) যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা। এর আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় দেওয়া জামিনও বহাল রাখেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ার পর নতুন দুই মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক হওয়ার পর পর্যায়ক্রমে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা না থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর সতর্কতা জানিয়েছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) নগর ভবনে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাসাবাড়ি থেকে মাসিক ১০০ টাকার বেশি বিল আদায় সম্পূর্ণ অনিয়ম এবং এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত নিয়মে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির মুখে পড়তে হবে। সভায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কোরবানির পর তিন দিনের মধ্যে পুরো নগরী পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট সব কর্মী ও ঠিকাদারদের মাঠে থাকতে হবে বলেও জানানো হয়। কোনো এলাকায় বর্জ্য জমে থাকলে তা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাস্তা, ড্রেন বা খালে ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্জ্য ব্যবস্থাপনাকে সেবা নয়, বরং নাগরিক দায়িত্ব হিসেবে কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আংশিক জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ ফারজানা রুপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে প্রত্যেকের একটি করে মামলায় জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে। ফলে সব মামলায় জামিন না থাকায় আপাতত তাদের কারামুক্তি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১১ মে থেকে এ কার্যক্রম শুরু হয়ে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) সারাদেশে চলবে। রোববার (১০ মে) টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনার অংশ হিসেবে কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর পাশাপাশি সাধারণ ভোক্তারাও নির্ধারিত দামে ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতে নির্ধারিত সংখ্যক ট্রাকের মাধ্যমে মোট ৭২০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র পরিচালিত হবে। এসব ট্রাক থেকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাক থেকে দৈনিক গড়ে প্রায় ৪০০ জন ভোক্তার কাছে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। ১০ দিনের এই কর্মসূচিতে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামে ১৩০ টাকায় ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকায় ১ কেজি চিনি এবং ৭০ টাকায় ২ কেজি মসুর ডাল পাওয়া যাবে। এছাড়া ঈদ উপলক্ষে মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের মধ্যে মোট প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। কার্ডধারীদের জন্য নির্ধারিত কোটা ও মূল্য কাঠামো অপরিবর্তিত থাকবে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। রোববার (১০ মে) বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন আদালতের কাছে সময় প্রার্থনা করে বলেন, সরকার পরিবর্তনের পর আনিসুল হকের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটে এবং তার বৈধ লাইসেন্সধারী অস্ত্রও তখন হারিয়ে যায়। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহে সময় প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়। তবে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন শুনানির নতুন তারিখ ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার অধীনে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি অস্ত্রটি জমা দেননি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিতও করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।
আপিল বিভাগের রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থিতাবস্থা পেয়েছে। রাষ্ট্রপক্ষের দায়ের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল রোববার (১০ মে) সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কার্যকর থাকে। ফলে একাধিক ফৌজদারি মামলায় নিম্ন আদালতে চলমান বিচারাধীন অবস্থায় তার মুক্তির আইনগত ভিত্তি বহাল রইল। উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে সাতটির এজাহারে তার নাম ছিল না বলে নথিতে উল্লেখ রয়েছে। প্রায় এক বছর অতিবাহিত হলেও মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনো সমাপ্ত হয়নি। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর তিনি টানা তিন দফায় মেয়র নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রোববার (১০ মে) তিনি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে প্রায় ২০ মাস দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দীন আহমদ জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তিনি আপাতত কিছুটা বিশ্রামে থাকতে চান বলেই এ পদক্ষেপ নিয়েছেন। তার পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চট্টগ্রামের আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাশের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানান, হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলমান থাকায় এ পর্যায়ে জামিন দেওয়ার সুযোগ নেই। তবে পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া আরও চার মামলার জামিন রুলের ওপর সোমবার (১১ মে) আদেশ দেওয়া হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, বিচারিক কার্যক্রম চলমান থাকায় জামিন দিলে মামলার ওপর প্রভাব পড়তে পারে। বিপরীতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, জামিনে মুক্তি পেলেও বিচার প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না।
রাজধানীতে সংঘটিত দুটি হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিরপুর ও রমনা থানার পৃথক দুই হত্যা মামলায় এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। পরে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬–এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মমর্যাদার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ বাহিনী জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের মাধ্যমে। এখন মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে হবে। এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।”
গণঅভ্যুত্থান-পরবর্তী হত্যা মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি রোধে প্রশাসনিক পর্যায়ে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের এক সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করা হবে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিরপরাধদের অব্যাহতি নিশ্চিত করা হবে এবং প্রতিটি মামলার তথ্য জেলা ও মহানগরভিত্তিকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া পূর্ববর্তী সময়ে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ধরনের মামলাগুলো আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে যাচাই করে ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুসারে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি কাঠামোর ভেতরে থেকেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
টিকাদান কার্যক্রমে গতি আনতে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। রাজধানীর বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ১৫ লাখ ডোজ হামের টিকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় এই চালান গ্রহণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন, যিনি জানান, এটি জাতীয় টিকাদান কর্মসূচির চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের ভ্যাকসিন অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে। মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে এবং চলমান ক্যাম্পেইনে ব্যবহারের কারণে সৃষ্ট ঘাটতি পূরণে এটি সহায়ক হবে। তিনি আরও বলেন, আগামী ১০ মে’র মধ্যে অতিরিক্ত ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে এবং টিকাসংকট নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিরবচ্ছিন্ন টিকাদান নিশ্চিত করতে সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবন-এ স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সচিবালয়ের নিয়ম অনুযায়ী সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি অনুসারে শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ শেষে নবনির্বাচিত সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ও পরবর্তী আইনি জটিলতার কারণে বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ অনুষ্ঠানে সংসদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন তিনি। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’ অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা। নীলা ইসরাফিল গোপালগঞ্জের মেয়ে। ছাত্র-জনতার আন্দোলনে তাকে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে। ৫ আগস্ট শেখা হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের গড়া রাজনৈতিক দলে যোগ দেন নীলা। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে। নীলা একজন মডেল ও অভিনেত্রী। তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘কে খুনী’ ও ‘ব্রেক আপ ইন’ নাটক দুটি গেল ঈদে প্রচারিত হয়েছে। দুটি নাটকই ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে নীলা মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় ‘বিকাশ’র এবং পলকের নির্দেশনায় ‘জিপি’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা আবীর খান পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’। এ ছাড়া তিনি ধ্রুব’র পরিচালনায় আরও একটি সিনেমাতে অভিনয় করছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘কুয়া’ নাটকে নীলা প্রথম অভিনয় করেন। অনেক ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ঘর সংষার’, ‘টিরিগিরি টক্কা’, ‘ফুল এইচডি’ ইত্যাদি। রায়হানের নির্দেশনায় নীলা প্রথম একটি প্রতিষ্ঠানের মশার কয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। প্রায় ৫০টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।