পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)-এর বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনজাম খালেক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও রুপালী বাংলাদেশের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডলকে সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ ও খুলনা গেজেটের প্রতিনিধি মোঃ সাগর মল্লিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ কামরুজ্জামান ও শেখ সৈয়দ আলী, সহ-সভাপতি অমিত পাল ও শামীম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুনাওয়ার রনি ও মেজবাহ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির (আপন), দপ্তর সম্পাদক সাগর মন্ডল, সহ-দপ্তর সম্পাদক সুজন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস কে নয়ন, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ শেখ, অর্থ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, সহ-অর্থ সম্পাদক এম. পলাশ শরীফ, আইন ও নীতি বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান মোল্লা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জাহিদ হিমেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক প্রিন্স মন্ডল (অলিফ), ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, সদস্য মামুন হাওলাদার ও রেদোয়ান বিন আশরাফ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাগর মল্লিক বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা বস্তুনিষ্ঠ, নৈতিক ও সাহসী সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে কাজ করব। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি সর্বদা সচেষ্ট থাকবে।
নবনির্বাচিত সভাপতি সৈকত মন্ডল বলেন, ইউএমএফ একটি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন। আমরা বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
নবগঠিত কমিটির উপদেষ্টা মোঃ কামরুজ্জামান ও শেখ সৈয়দ আলী এক যৌথ বক্তব্যে বলেন, ইউএমএফ বাগেরহাট জেলা কমিটির এই নতুন যাত্রা নিঃসন্দেহে জেলার সাংবাদিক সমাজের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা আশা করি, নবগঠিত কমিটি পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা চর্চা করবে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশার মানোন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা উপদেষ্টা হিসেবে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করব, যাতে ইউএমএফ বাগেরহাট জেলা শাখা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।