একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এর পর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদীতে ফুল দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর একুশের প্রথম প্রহরে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।

প্রধানমন্ত্রী তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের বীর শহীদসহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির নেতারা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠান শেষে রাত ১২টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
বাগেরহাটে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরন
বাগেরহাট প্রতিনিধি>

বাগেরহাট-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এসময় বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এবং জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরে রাতভর চলে শ্রদ্ধা নিবেদন।
একুশের প্রথম প্রহরে সৈয়দপুরে শহীদ মিনারে শ্রদ্ধার ঢল
সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি>

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সৈয়দপুর সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। রাত গভীর হলেও শহীদ মিনার প্রাঙ্গণ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। পরে পর্যায়ক্রমে সৈয়দপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাবসহ সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। অনেকেই কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে শ্রদ্ধা জানান।

রাত থেকে শুরু হওয়া কর্মসূচি সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সূর্যোদয়ের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন আরও বিস্তৃত হবে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবস ঘিরে এলাকায় শোকাবহ ও গম্ভীর পরিবেশ বিরাজ করছে। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা জাগ্রত করার আহ্বান জানানো হয়েছে।
বরিশালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিভাগীয় উর্ধ্বতনরা পুষ্পার্ঘ্য অর্পণ
বরিশাল>

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, ডি আই জি মনজুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল ইসলাম সুমন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে এই ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না: ফরহাদ হোসেন আজাদ
আমির খসরু লাবলু, পঞ্চগড়>

পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ভাষণ দিয়ে বলেছেন, “বিগত দিনেও আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারেনি, তেমনি আজ আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি—সেই গণতন্ত্রও কেউ নস্যাৎ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আজ আমরা জাতি ঐক্যবদ্ধ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সব দল, মত ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নেব। ৫২ সালের মতো আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এবং বিশ্ব মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের স্থান বজায় রাখব।”
এরপর জেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।