সাজিদুল লোহানী পেশায় একজন মাওলানা। পরিশ্রম ও আন্তরিকতায় ভেড়ার সাথে ছাগল পালন করে তিনি সফলতা বয়ে এনেছেন। সখের ভেড়া পালন করে বাণিজ্যিক পর্যায়ে গিয়ে তার এই সাফল্য। তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া হলেও তিনি দীর্ঘদিন থেকে সৈয়দপুর শহরে বাঙ্গালিপুর নিজপাড়ায় বসবাস করছেন।
সাজিদুল লোহানী জানান, দীর্ঘদিন থেকেই দারুল উলুম মাদ্রাসার জমিতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। ২০০০ সালে মাওলানা পাশ করে এক বছর বেকার ছিলেন তিনি। ২০০২ সালে ঔষধের ব্যাবসা শুরু করেন। দীর্ঘদিন ওই ব্যাবসা করেও লাভের মুখ দেখেননি তিনি। এরপর মাদ্রাসার জমির ওপর একটি টিনের ঘর নির্মাণ করেন। ২০১৯ সালে প্রাথমিক অবস্থায় তিনি ৪টি ভেড়া, ৩টি ছাগল ও ৫টি চীনা হাঁস পালন শুরু করেন। সখের বসে তিনি ওইসব পালন শুরু করলেও ভেড়াগুলো পাঁচ-ছয় মাস পর পর বাচ্চা দেওয়ায় তার খামার ভরে যায় ভেড়া দিয়ে। বর্তমানে তাঁর খামারে ১০০টি ভেড়া, ৫০ টি ছাগল ও ১০০টি চীনা হাঁস রয়েছে। বড় ভেড়াগুলো দাম উঠেছে ১০ হাজার টাকা, বড় ছাগল ১২ থেকে ১৫ হাজার টাকা। আর চীনা হাঁসের দাম উঠেছে জোড়া ৩ হাজার টাকা।
তিনি বলেন, গত দুই বছর থেকে সেগুলো বিক্রি করতে শুরু করেছেন। ভেড়া, ছাগল ও হাঁস পালনে সব খরচ বাদ দিয়ে প্রতিবছর তিনি প্রায় ৫-৬ লাখ টাকারও বেশি আয় করেছেন। এভাবে সেগুলোর যত্ন সহকারে পালন করলে আগামীতে বছরে ছয়-সাত লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানান তিনি। তিনি আরও জানান, এক একটি ভেড়াও ছাগলের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ২০ টাকা পর্যন্ত। সে অনুযায়ী ১৫০টি ভেড়াও ছাগলে প্রতিমাসে খরচ হয় ৯০ হাজার টাকা।
তিনি বলেন, এই মুহূর্তে ভেড়া ও ছাগলগুলো গড়ে ১০ হাজার করে বিক্রি করলে মূল্য পাওয়া যাবে ১৫ লাখ টাকা। এর মধ্যে ছাগল ও ভেড়া ক্রয়, ঘরভাড়া, কারেন্ট বিল, লেবার খরচ দিয়ে পাচ্ছেন প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা। ছাগল ও ভেড়াগুলো ভালো জাতের হওয়ায় তা অনেকেই কিনতে আসছেন এবং ভেড়া পালনের আগ্রহ দেখাচ্ছেন। ৫-৬ জন যুবক তার ব্যাবসার সাফল্য দেখে তারাও এ ব্যাবসা শুরু করেছেন। তিনি বলেন, সরকারিভাবে যদি মোটা অঙ্কের অর্থ পান তাহলে বড় ধরনের খামার করে শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবককে সঙ্গে নিয়ে তাদের স্বাবলম্বী করাতে পারবেন।
সরকারি ভাবে শিক্ষিত বেকার যুবকদের এককালীন মোটা অঙ্কের অর্থ দিয়ে ভেড়া পালনের পরামর্শ দিতে সরকারকে অনুরোধ জানান তিনি। এতে করে একদিকে যেমন দেশে বেকারের সংখ্যা কমে যাবে, অন্য দিকে সরকার পাবেন মোটা অঙ্কের রাজস্ব। গড়ে উঠবে বেকার মুক্ত দেশ।
এ ব্যাপারে ভ্যাটেরিনারি সার্জন ডা. আবদুর রাজ্জাক বলেন, ভেড়া পালনের সাথে ছাগল পালন আসলেই লাভজনক। অল্প পুঁজিতেই ভেড়া পালন করে লাভবান হওয়া যায়। চাকরির পিছনে না ছুটে শিক্ষিত যুবকেরা এ ব্যাবসা শুরু করলে অল্প দিনেই সফলতা অর্জন করতে পারবেন বলে জানান তিনি।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।