আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম ভালুকাবাসীর উদ্দেশে এক বার্তায় নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে “যুব নাগরিক কমিটি” গঠনের ঘোষণা দিয়েছেন।
বার্তায় তিনি বলেন, তিনি নিজেও একজন সাধারণ নাগরিক এবং ভালুকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাগরিক সেবা পেতে মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয়। বয়স্ক ভাতা, শিক্ষা উপবৃত্তি, সরকারি অনুদান ও প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো অনেক সময় কাঙ্ক্ষিতভাবে ও স্বচ্ছ প্রক্রিয়ায় জনগণের কাছে পৌঁছায় না।
ডা. জাহিদুল ইসলাম আরও বলেন, সরকারিভাবে নানা উদ্যোগ থাকলেও স্থানীয় পর্যায়ে প্রভাব ও হস্তক্ষেপের কারণে সেসব সেবা সঠিকভাবে বাস্তবায়ন ব্যাহত হয়। ভালুকায় অনিয়ম ও প্রভাবমুক্ত একটি পরিবেশ গড়ে তুলতেই তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন বলে জানান।
তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে ভালুকায় একটি প্রতিনিধিত্বশীল যুব নাগরিক কমিটি গঠন করা হবে। এতে শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ, আলেম সমাজ ও নারীদের অন্তর্ভুক্ত করা হবে। কমিটির মূল উদ্দেশ্য হবে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, এই কমিটি সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং প্রতিটি কাজের অগ্রগতি ও সিদ্ধান্ত নিয়মিতভাবে জনসম্মুখে উপস্থাপন করা হবে, যাতে মানুষ জানতে পারে কী হচ্ছে, কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে।
বার্তার শেষে ডা. জাহিদুল ইসলাম ভালুকাবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই একটি উন্নত ও মানবিক ভালুকা গড়া সম্ভব। তিনি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্লোগান উচ্চারণ করেন—
“জিতবে এবার শাপলা কলি।”
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যেকোনো সময় অনুমোদন হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সম্ভাব্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নাম আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে দেখছেন অনেকে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুবদলকে পুনরুজ্জীবিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই নতুন কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিদেশে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত—এমন তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক সূত্র। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন ঈদুল আজহা-র আগেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত মার্চে রাজধানীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট, তুফান মোড়, বড়বাজার ও থানা মসজিদ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।