পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও তাদের এক শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে বুড়িমারী - লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) এবং তাদের ৪ মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহ আল হুজাইফা। জানা গেছে, শরিফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি এলাকার মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাটগ্রামে পদক্ষেপ এনজিওতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। সকাল সাড়ে ৬টার দিকে মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী স্থলবন্দরগামী একটি অজ্ঞাত খালি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম ও তাদের শিশু সন্তানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় তাদের আরেক সন্তান শোয়াইব হোসেন (১০) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতদের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে করে আটকের চেষ্টা চলছে।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।